রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি: আলমগীর সরকার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।
শনিবার বিকেলে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আলমগীর সরকার বলেন, “মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পরিবারের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের সঙ্গে সমাজের সচেতন নাগরিকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
মতলব উত্তর থানার ওসি তদন্ত আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাসেদ হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম দেওয়ান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাবেক সভাপতি আলামিন খন্দকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশের আগে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় “মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি”—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/