বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর-কুমারখোলা-ছারাকান্দি এলাকায় লেগুনাকে ওভারটেক করতে গিয়ে একটি ট্রলিগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ওষুধের দোকানে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লেগুনাটি সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রলিগাড়ির চালক অতিরিক্ত গতিতে লেগুনাটিকে ওভারটেক করার চেষ্টা করেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা চলে আসলে সেটিকে বাঁচাতে গিয়ে ট্রলিগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ওষুধের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানটি সম্পূর্ণ ভেঙে পড়ে।
এ সময় লেগুনাটি ট্রলিগাড়ির পেছনে ধাক্কা খায়। পরে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়িবাঁধের দিকে চলে যায়। দুর্ঘটনার সময় লেগুনায় ১৪ জন যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান লেগুনার যাত্রীরা।
স্থানীয় তেলের দোকানদার আক্তার হোসেন বলেন, “লেগুনাটি ট্রলির সামনে ছিল। ট্রলির চালক অতিরিক্ত গতিতে লেগুনাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধের দোকানের ওপর তুলে দেন। এতে দোকানটি পুরো ভেঙে নিচে পড়ে যায়। পরে লেগুনাটি ট্রলির পেছনে ধাক্কা খায়। এতে লেগুনায় থাকা ১৪ জন যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। ট্রলি ও লেগুনা আরও নিচে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় সড়কের পাশের ওষুধের দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লেগুনায় থাকা যাত্রীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।