রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে উঠান বৈঠকের মাধ্যমে মেম্বার প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আক্তার হোসেন।
বৃহস্পতিবার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সুবিধা নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত এলাকাবাসীর সমর্থন নিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
আক্তার হোসেন কলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
আক্তার হোসেন বলেন, “এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে ৭নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে আক্তার হোসেনের উদ্যোগকে স্বাগত জানান।