রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মতলব উত্তরে কৃষকের বসতঘরে আগুন, ক্ষতি ৭ লাখ টাকা

চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটিজনিত আগুনে কৃষক আব্দুল লতিফ প্রধানের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামালও পুড়ে যায়। পরিবারের দাবি, এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাড়িভাঙ্গা প্রধান বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ প্রধান (৭৭) ওই গ্রামের মৃত আশরাফ আলী প্রধানের ছেলে। আগুনে তার টিনশেড বসতঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ লতিফ প্রধানের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া স্থানীয় প্রভাষক রোকনুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

স্থানীয় জিসান রাঢ়ী, বাদল, কবির, নাজির প্রধান, সোহান প্রধান ও মঞ্জুর আলম বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। আশপাশের লোকজন এগিয়ে এসে যার যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। টিনশেড ঘর হওয়ায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক লতিফ প্রধান বলেন, হঠাৎ ঘরে আগুন দেখে তারা ভয় পেয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র বের করে আনা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে গেছে। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে এখন কোথায় থাকবেন এবং কীভাবে আবার ঘর তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/