স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধানের দাবি আল আমিনের
- আপডেট সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৫১৪ Time View

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধি ও জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার আসামিদের অংশগ্রহণের বিষয়ে সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, শুরু থেকেই তারা স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে দলীয় প্রতীক না থাকলেও আওয়ামী লীগের সাবেক নেতাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আলাদা করে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, “যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা নির্বাচন করলে আমার আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান বা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও সহিংসতার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আরও বলেন, শুধুমাত্র মামলা থাকলেই আইনগতভাবে কেউ নির্বাচনে অযোগ্য হন না; আদালতের সাজা হলে তবেই অযোগ্যতা আসে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অধিকাংশ মামলার বিচার এখনো শেষ হয়নি। ফলে অভিযুক্ত ব্যক্তিরা যদি এই সুযোগে নির্বাচনে অংশ নেন, তাহলে তা নতুন করে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করতে পারে।
এমপি বলেন, “ধরুন, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর অভিযোগ থাকা কোনো ব্যক্তি এখন নির্বাচনে অংশ নিলেন। আইনগতভাবে হয়তো তিনি এখনো দণ্ডিত নন, কিন্তু তাকে ঘিরে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘাত তৈরি হতে পারে। এই প্রশ্নের সমাধান না করে নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতীক না থাকলেও অতীতে নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি বা আওয়ামী লীগ পরিচয়ে দায়িত্ব পালনকারীদের বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। তার মতে, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাদের নির্বাচনে অংশগ্রহণের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
আব্দুল্লাহ আল আমিন দাবি করেন, এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এটি একটি বড় আইনশৃঙ্খলার ইস্যু হয়ে উঠতে পারে বলে মত দিয়েছেন।























