মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ উল্লাহ মুন্সী
আমি সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই
- আপডেট সময় : ১২:০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫২৭ Time View

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নির্বাচনী পরিবেশ ক্রমেই প্রাণচঞ্চল হয়ে উঠছে। বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানানো এবং গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোহনপুর ইউনিয়নের কৃতি সন্তান আরিফ উল্লাহ মুন্সী।
আরিফ উল্লাহ মুন্সী মোহনপুর ইউনিয়নের উত্তর পাঁচআনি গ্ৰামের মুন্সবাড়ির কৃতি সন্তান। তিনি মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। ছাত্রজীবনে তিনি একজন মেধাবী ও সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।
প্রার্থীতা ঘোষণার পর আরিফ উল্লাহ মুন্সী বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে মোহনপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে রূপান্তর করতে চাই। এলাকার শিক্ষা, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্যসেবা এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রাধিকার দিয়ে কাজ করব। আমি সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তাঁর প্রার্থী হওয়ার ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে আরিফ উল্লাহ মুন্সী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে সবার নজর কেড়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মোহনপুর ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করছেন স্থানীয়রা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রচারণা ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।






















