বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫১৪ Time View

দেশজুড়ে অব্যাহত ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতা-কর্মীদের জরুরি ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার প্রায় সারা দিনই তিনি দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মাঠপর্যায়ের চিত্র পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত এবং কার্যকরভাবে পরিচালনার জন্য স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসনসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে মোকাবিলা করতে আগামীকাল শনিবার (১১ জুলাই) বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ত্রাণ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের দল চট্টগ্রামে যাবে।
এদিকে কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান রুমন।
প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে, গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি-ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।





















