স্কলারশিপসহ যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পাওয়ায়
সানজিদা আক্তার তুলি’কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
- আপডেট সময় : ১০:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৭৮১ Time View

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৪তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি যুক্তরাষ্ট্রের টুলেইন (Tulane) ইউনিভার্সিটিতে পূর্ণ স্কলারশিপসহ পিএইচডি প্রোগ্রামে মনোনীত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মিজানুর রহমান এবং বিভাগের প্রফেসর ড. মো: সরোয়ার আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, গবেষণা কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কবি নজরুল সরকারি কলেজের সহকারী অধ্যাপক গুলজার হোসেন শিবলী, গণিত বিভাগের সাবেক ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. আর. গনি মোস্তফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়ালসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মিজানুর রহমান কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দিতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রফেসর ড. মো: সরোয়ার আলম তুলির ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণা ও উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া বলেন, “প্রাক্তন ছাত্র হিসেবে গণিত বিভাগের যেকোনো শিক্ষার্থীর অর্জনে আমরা আনন্দিত। আমাদের ছোট ভাই-বোনদের দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেখে আমরা গর্ব অনুভব করি।”
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, গবেষণা কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ বলেন, “তুলির এই অসাধারণ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তার ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা রইল।”
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. আর. গনি মোস্তফা বলেন, “তুলি একদিকে আমার বিভাগের ছোট বোন, অন্যদিকে আমার নিজ জেলা চাঁদপুরেরও ছোট বোন। তার এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, তুলি-সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল প্রবাসী শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সানজিদা আক্তার তুলি বলেন, “আমার এই অর্জনের পেছনে আমার পরিবার এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও একাডেমিক দিকনির্দেশনার বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি প্রফেসর ড. মো: সরোয়ার আলম স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাকে সম্মাননা প্রদান করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানের শেষে বক্তারা বলেন, সানজিদা আক্তার তুলির এই আন্তর্জাতিক অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জন্য গর্বের। তারা আশা প্রকাশ করেন, তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও বেশি অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে।
এছাড়া সম্মাননা স্মারক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান আখন এবং আহ্বায়ক সদস্য আসিফ আরাফাত মুন্না, এস. এম. সারোয়ার, আবুল হাসনাত হৃদয়, মাশফিকুল ইসলাম রাইন, রাতুল হাসান ও তানজিল হাসান মিথিলসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।






















