সংবাদ প্রচারের পর মতলব উত্তরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও
- আপডেট সময় : ০৮:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৫৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক
জলাবদ্ধতা নিয়ে সংবাদ প্রচারের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
সোমবার (১০ আগস্ট) বিকেলে তিনি সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় জলাবদ্ধতার পরিস্থিতি, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা ও স্থানীয়দের দুর্ভোগের বিষয়গুলো ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির পর দক্ষিণ রামপুর-কাচারিকান্দি এলাকায় পানি জমে যায়। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় সড়ক ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এর আগে শুক্রবার এ জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচার করা হয়। সংবাদটি নজরে আসার পরই ইউএনও ঘটনাস্থল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে সিএ আবুল খায়ের, ইউপি সদস্য আব্দুল কাদির জিলানী, সালাউদ্দিন’সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করে খাল, নালা ও অন্যান্য জলপ্রবাহের পথ সচল করা গেলে জলাবদ্ধতা কমবে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।























