প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ
- আপডেট সময় : ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৫১৯ Time View

নিজস্ব প্রতিবেদক
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মোহনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার শাহ আলী। এতে সভাপতিত্ব করেন স্বদেশ কাগজের সম্পাদক ও সাংবাদিক দৌলত হোসেন আবির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম মিয়াজী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা আলী হোসেন ও ওয়াজে উল্লাহ। এছাড়া উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি শরিফ দেওয়ান, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল প্রধান, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শওকত আলী সরকার, মোহনপুর ইউনিয়ন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম প্রধান, রাশেদ প্রধান, আক্কাস, আলামীন মোল্লা, ইসমাইলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে মানববন্ধন শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।
আয়োজক প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।























