দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- আপডেট সময় : ১১:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৫২২ Time View

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, নিয়মিত পাঠদান এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও ‘ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আলী নূর। তিনি বিদ্যালয়ের সাম্প্রতিক পরীক্ষার ফলাফলে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় দুঃখ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে হবে এবং তারা নিয়মিত পড়াশোনা করছে কি না, সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী বিশেষ (স্পেশাল) ক্লাসের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা দুর্বল বিষয়গুলোতে আরও দক্ষতা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, একটি শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে বিদ্যালয় ও পরিবারের সমান দায়িত্ব রয়েছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফল আরও উন্নত করা সম্ভব।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


























