নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত
- আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৫২২ Time View

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।
রবিবার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ঋতু নিয়ে লেখা কালজয়ী গান, কবিতা ও সাহিত্যের নান্দনিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
বক্তব্যে অতিথিবৃন্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশালতা ও বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তারা বলেন, নজরুলের গানে ও কবিতায় বর্ষার যে অনবদ্য রূপ ফুটে উঠেছে, তা আমাদের বাংলা সংস্কৃতির অন্যতম সম্পদ। নজরুল বর্ষের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক ও সংগ্রামী চেতনাকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলের বর্ষা বিষয়ক গানের সুরেলা পরিবেশনা ও আবৃত্তি উপস্থিত দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
























