দেশসেরা প্রধান শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ের বি. আর. বিলকিস
- আপডেট সময় : ০৯:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫১৫ Time View

নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস।
শনিবার (১১ জুলাই) জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
শিক্ষকতা জীবনে বি. আর. বিলকিস ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, আটবার নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং চারবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
দেশসেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তারেক রহমানের হাত থেকে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করবেন।
প্রতিক্রিয়ায় বি. আর. বিলকিস বলেন, “সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও সমর্থন আমাকে আজ এই মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। এ অর্জনের জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”




















