ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে কাজ করছে জনপ্রতিনিধিরা
ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
- আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৫১৬ Time View

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক দাপ্তরিক কার্যক্রম তদারকি, নথিপত্র যাচাই-বাছাই এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে জনকল্যাণমূলক ও মানবিক প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় ষাটনল উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ এবং ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন পরিষদ হলো বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন প্রশাসনিক একক যা তৃণমূল পর্যায়ে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং জনসেবা নিশ্চিত করতে কাজ করে। জনগণের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) চালু করেছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথি সংরক্ষণ, সেবা প্রদান প্রক্রিয়া এবং সামগ্রিক অফিস ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি সরকারি সেবা কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে জবাবদিহিতা, সুশাসন এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন স্থানীয় প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি তদারকিতে সহায়ক ভূমিকা রাখে।

















