গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ বিনির্মাণে হালুয়াঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
- আপডেট সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৫১৩ Time View
ময়মনসিংহ : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ (সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ) গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (৬জুন) সকালে সারা দেশের ন্যায় হালুয়াঘাটেও আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ বিনির্মাণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে এই সচেতনতামূলক ও মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিযানটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি। এ সময় তার সাথে পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি বলেন:
”মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গ্রিন ও ক্লিন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আজকে আমাদের কার্যক্রমের অংশ হিসেবে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখা হয়েছে। জনস্বার্থে আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।”
কর্মসূচির শুরুতেই পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড মোড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে অভিযানের সূচনা করা হয়। পরবর্তীতে পরিচ্ছন্নতাকর্মী ও পৌর কর্মকর্তাদের দল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শহরকে দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে এই ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সাথে পৌরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।






