বিশেষ প্রতিনিধি
টানা মুষলধারা বৃষ্টির প্রেক্ষাপটে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ।
বুধবার (২২ জুলাই) সকালে দিনব্যাপী তিনি প্রকল্পের আওতাধীন প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাঁধের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, নদীতীর সংলগ্ন এলাকা এবং বৃষ্টিজনিত সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেচ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাউদ্দিন, উপসহকারী প্রকৌশলী মো. শামীমসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তারা বাঁধের বর্তমান অবস্থা, পানি প্রবাহ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, টানা বৃষ্টির কারণে যাতে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ঝুঁকির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এ অঞ্চলের কৃষি, জনপদ ও অবকাঠামো সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকল্পের প্রতিটি অংশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বর্ষা মৌসুমে সাধারণ মানুষ কোনো ধরনের দুর্ভোগে না পড়েন।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম এ সেচ প্রকল্পের ৬০ কিলোমিটার বেড়িবাঁধ মতলব উত্তর উপজেলার বিস্তীর্ণ জনপদকে নদীভাঙন ও জলাবদ্ধতা থেকে সুরক্ষা দিয়ে আসছে। বর্ষা মৌসুমে বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে।