নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭৬নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজ্জব আলী, ৭৬ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কবির মজুমদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার হোসেন মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বায়ু ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বড় করে তুলতে হবে।”
তারা আরও বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের আঙিনায় রোপণ করা প্রতিটি গাছ ভবিষ্যতে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের জন্য ছায়া, সৌন্দর্য ও নির্মল পরিবেশের উৎস হয়ে উঠবে।