নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর দক্ষিণ উপজেলার সেতুবন্ধন ধনাগোদা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যে বৈঠার তালে তালে যেন প্রাণ ফিরে পায়এ প্রতিযোগিতায়। এ সময় নদীর প্রান্তে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী নারী ও পুরুষের আনন্দ ও উল্লাসে মেতে ওঠে পুরো এলাকা। নৈকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারও মানুষের ঢল নামে।
নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকেন দর্শনার্থীরা। মতলব ব্রিজ থেকে আধা কিলোমিটার দূরে কদমতলী বালুরঘাট পর্যন্ত নৌকা বাইচ দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। অনেকে নদীর তীরে জায়গা না পেয়ে পাশের ভবনের ছাদে নয়তো গাছের ডালে ওঠেন। এ প্রতিযোগিতায় মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার নয়টি নৌকা দল অংশ নেয়। পরে জিলানী প্রধানের বাংলাদেশ লাল সবুজ দলসহ ৬টি দল ফাইনাল রাউন্ডে অংশ নেয়। এতে মতলব দক্ষিণ উপজেলার বাংলাদেশ লাল সবুজ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।
দ্বিতীয় স্থান অর্জন করে ছিডু প্রধানের দল ও তৃতীয় স্থান অর্জন করে মতলব সওদাগর বাড়ি কামাল সওদাগরের দল।বিজয়ীরা বলেন, আজ থেকে ৭ বছর আগে ধনাগোদা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আজ আনন্দ উদ্দীপনার সাথে ধনাগোদা নদীতে নৌকা বাইচ হয়েছে। আমরা চাই প্রতিবছর এই ধনাগোদা নদীতে নৌকা বাইচ হোক।
‘নদী বাঁচলে পরিবেশ বাঁচবে’ এই স্লোগানে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিবির পরিচালক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক ও কেন্দ্রীয় যুবদলের সহ- ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু।অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিবির পরিচালক প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, বর্তমানে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ও কিশোর গ্যাংয়ের অবসান ঘটাতে এ নৌকা বাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুবসমাজ খেলাধুলা ও এমন কর্মকান্ডে জড়িত থাকলে অপরাধ থেকে দূরে থাকতে সহজ হবে।
উদ্বোধক ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু বলেন, নদীর নাব্যতা ফেরাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনেক বড় ভূমিকা রাখবে। আমরা মনে করি নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। তাই এই নদী সংরক্ষণে আমাদের সবার সচেতন হতে হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইদ্রিস সরকার মুন্না, ছাত্রদল নেতা রাজা ফয়সাল প্রমুখ।
নৌকা বাইচ বিজয়ী দলকে একটি ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে ৩২ ইঞ্চি একটি রঙিন টিভি ও ৩য় স্থান অর্জনকারী দলকে ২৪ ইঞ্চি রঙিন টিভি দিয়ে পুরস্কৃত করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী এ নৌকা বাইচ উপভোগ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ক্যাপশন: নৌকা বাইচ দেখতে মতলব ব্রিজে হাজারো মানুষের ঢল। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল।